ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকা থেকে দুয়ো শুনে কলকাতায় সাকিব

#

স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৩,  11:58 AM

news image

বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। এই বিশ্বকাপের আগেও এমন গর্বের জায়গায় ছিলেন তিনি। গতকাল নিজ দেশে তাঁকেই কিনা দুয়ো শুনতে হলো। তাও তাঁরই প্রিয় প্রাঙ্গণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এটা ক্রিকেটারের সঙ্গে সমর্থকদের ভুল বোঝাবুঝির বিষক্রিয়া নয় তো? 

বিষয়টি নিয়ে ক্রিকেট-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেছে, এ পরিস্থিতি সাকিব নিজেই তৈরি করেছেন। এশিয়া কাপ চলাকালে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে বিজ্ঞাপনী কাজ করে সমালোচিত হয়েছেন। বিশ্বকাপের ভেন্যু থেকে দেশে ফিরে সেই আগুনে ঘি ঢালেন। 

অথচ একটু সতর্ক হলে, বিসিবিকে পাশে পেলে কোনো বিতর্ক হতো না। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাকিবের দেশে ফেরার খবর এবং কারণটা জানালেই হতো। বিশ্বকাপে দলের ম্যানেজার রাবীদ ইমাম অবশ্য বুধবার বলেছিলেন, অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে। শেষ পর্যন্ত কেন দেওয়া হয়নি, তা জানা যায়নি। 

সেদিক থেকে মানুষ ধরে নিতে পারে– বিসিবিও সাকিবের পাশে নেই। কে আছে, কে নেই; তাতে কিছু যায় আসে না টাইগার দলপতির। গুরুর আশীর্বাদ, দুটি অনুশীলন সেশনের অভিজ্ঞতা আর সমর্থকদের দুয়ো সঙ্গে করে গতকাল সন্ধ্যায় (রাত ৮টা) কলকাতা ফিরেছেন সাকিব। মিশ্র অনুভূতি নিয়ে শনিবার হয়তো ইডেনের ময়দান মাতাবেন টাইগার দলপতি।

বিশ্বকাপের আগে থেকেই সাকিবের ব্যাটিং ভালো হচ্ছিল না। মনোযোগ ফিরে পেতে কম চেষ্টা করেননি। কিছুতে কিছু না হওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে নিজের মেন্টর ও ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। অধিনায়কের আগ্রহকে সম্মান জানিয়ে দেশে ফেরার অনুমতি দেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

মুম্বাই থেকে বুধবার সকালে দেশে ফেরার বিমান ধরেন বাঁহাতি এ অলরাউন্ডার। তিনি ছাড়া দলের বাকিরা সেদিন দুপুরে কলকাতার বিমান ধরেন। বিকেলে কলকাতায় পা রেখে দলের ম্যানেজার বুঝে যান– সাকিব ইস্যুতে সমালোচনার লু হাওয়া বইছে দেশে। দেশে ফেরার দিন বিকেলে শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে তিন ঘণ্টা ব্যাটিং সেশন করেন সাকিব। গতকাল সকালে দেড় ঘণ্টার মতো ব্যাটিং করেছেন।

মাঠ থেকে ফেরার সময় মিরপুর ইনডোরের সামনে সমর্থকরা তাঁকে দেখেই ‘ভুয়া ভুয়া’ বলতে থাকেন। এ সময় মাথা নিচু করে গাড়িতে ওঠেন সাকিব। একসময়ের প্রিয় সমর্থকরাই কিনা এখন তাঁকে দুয়ো দেন।

সাকিবের অনুশীলন ও মানসিক অবস্থা নিয়ে কলকাতা থেকে ফোনে নাজমুল আবেদীন ফাহিমের কাছে জানতে চাওয়া হলে বলেন, ‘সে যে কাজ করতে এসেছিল, সেটা করেছে। সে খুশি কিনা বুঝতে পারিনি। আমার যেটা মনে হয়েছে– ও ফোকাস নিয়ে গেছে। এখন দেখতে হবে মাঠে কেমন করে। ব্যাটিং অ্যাপ্রোচ দেখার পর বলতে পারব জিনিসগুলো কাজে লেগেছে কিনা। তবে মানসিকভাবে ভালোই মনে হয়েছে।’ 

বিশ্বকাপে বাংলাদেশের খেলে ফেলা পাঁচ ম্যাচের চারটিতে ছিলেন সাকিব। ঊরুর পেশিতে চোট থাকায় ভারতের বিপক্ষে খেলতে পারেননি। আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ফিফটি নেই তাঁর। ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত ৫৬ রান করতে পেরেছেন বাংলাদেশ অধিনায়ক। দেশ থেকে ব্যাটিংয়ে ‘চার্জ’ নিয়ে ফেরা বাঁহাতি এ অলরাউন্ডার কলকাতায় ভালো কিছু করার স্বপ্ন নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে নামবেন হয়তো। 

ইডেন গার্ডেন্সে কালই তো সেই দিন আসন্ন। এই ম্যাচ দিয়েই হয়তো সমালোচনার জবাব দেবেন। একটি ভালো ইনিংস আর স্মার্ট বোলিংই পারে সাকিবকে সব সমালোচনা থেকে বের হয়ে আসার পথ করে দিতে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির