পোস্টাল ভোটে বাজিমাত জামায়াতের, দুই আসনে ফল নির্ধারণে বড় ভূমিকা
নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ, ২০২৬, 10:56 PM
নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ, ২০২৬, 10:56 PM
পোস্টাল ভোটে বাজিমাত জামায়াতের, দুই আসনে ফল নির্ধারণে বড় ভূমিকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের ভোটে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসি’র চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দলটি মোট পোস্টাল ভোটের ৪৫ দশমিক ৮৮ শতাংশ পেয়েছে। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি পেয়েছে ৩০ দশমিক ২৮ শতাংশ ভোট। এমনকি পোস্টাল ভোটের জোয়ারে দুটি আসনের চূড়ান্ত ফলাফলও পাল্টে গেছে।
শনিবার (৭ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবারই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের ব্যবস্থা করে কমিশন। এতে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং কয়েদিরাও ভোট দেওয়ার সুযোগ পান।
ইসির তথ্যমতে, পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন ১৫ লাখ ২০ হাজার ৯৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১০ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। বাতিল হয়েছে ৫৭ হাজার ৮৯৮টি ভোট। মোট ভোট প্রদানের হার ৬৯ দশমিক ৯৯ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৪ লাখ ৮৮ হাজার ১১৪ ভোট (৪৫.৮৮%)। বিএনপি পেয়েছে ৩ লাখ ২২ হাজার ১৪৪ ভোট (৩০.২৮%)। এছাড়া নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৫২ হাজার ৮৪০ ভোট (৪.৯৬%)। পোস্টাল ব্যালটের কারণে সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ আসনের সাধারণ ভোটের ব্যবধান ঘুচিয়ে জয় ছিনিয়ে নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
ইসি সংশ্লিষ্টরা সিরাজগঞ্জ-৪ আসনে সাধারণ ভোটে বিএনপির এম আকবর আলী এগিয়ে থাকলেও পোস্টাল ভোটে জামায়াতের রফিকুল ইসলাম খান ২ হাজার ১৭৯ ভোট পেয়ে ৫৯৪ ভোটের ব্যবধানে চূড়ান্ত জয় নিশ্চিত করেন। এছাড়া মাদারীপুর-১ আসনেও বিএনপির নাদিরা আক্তার সাধারণ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু পোস্টাল ব্যালটে বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা ১ হাজার ৩৯৮ ভোট পেয়ে ৩৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ১ হাজার ২৫৬টি পোস্টাল ভোট, যেখানে জামায়াতের স. ম. খালিদুজ্জামান পেয়েছেন ২ হাজার ৩২৮ ভোট। তবে বগুড়া-৬ আসনে তারেক রহমান ১ হাজার ৫৪৫ ভোট পেয়ে জামায়াত প্রার্থীর (১,০৬২) চেয়ে এগিয়ে আছেন। ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ২ হাজার ৭৯০ ভোট পেয়ে বিএনপির শফিকুল ইসলাম খানকে (১,৯২০) পেছনে ফেলেছেন। ঢাকা-১১ আসনে এনসিপি’র নাহিদ ইসলাম পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট। কুমিল্লা-৪ আসনে এনসিপি’র হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন রেকর্ড ৬ হাজার ৫৬টি পোস্টাল ভোট।
সবচেয়ে বেশি ভোট পড়েছে রংপুর-২ আসনে (৮৭.০৮%)। অন্যদিকে পঞ্চগড়-২, ঠাকুরগাঁও-২ ও ৩ এবং চট্টগ্রাম-১ আসনে কোনো পোস্টাল ভোট পড়েনি। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছিল ফেনী-৩ আসনে (১৬,০৩৮ জন), যেখানে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন ৭ হাজার ৩৩৯ ভোট পেয়ে আধিপত্য বিস্তার করেছেন।