ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল দুই লাখ ৩২ হাজার টাকা সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১১ লাখ কোটি টাকা বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী বৃষ্টির কারণে ফের বাড়ল সবজির দাম, বেগুন ১৪০ টাকা বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৬,  2:00 PM

news image

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ডা. শফিকুর রহমান একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

কবর জিয়ারত শেষে স্থানীয় মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির।

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির