ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং রাজধানীর কুড়িল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত এলডিসি উত্তরণের পর সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা জরুরি যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৬,  2:12 PM

news image

মিয়ানমারের গণতন্ত্রপন্থী কারাবন্দী নেত্রী অং সান সু চির প্রতি অত্যন্ত নমনীয় আচরণ করা হচ্ছে বলে দাবি করেছেন দেশটির সামরিক অভ্যুত্থানের নেতা ও বর্তমান বেসামরিক প্রেসিডেন্ট মিন অং হ্লেইং। বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে হ্লেইং বলেছেন, ২০২১ সালে যাকে তিনি ক্ষমতাচ্যুত ও কারারুদ্ধ করেছিলেন, সেই অং সান সু চির প্রতি তিনি ‘অত্যন্ত নমনীয়’ আচরণ করেছেন।

অভ্যুত্থানের আগের বছরের নির্বাচনে সু চি ব্যাপক জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন অভিযোগ তুলে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নেত্রীর গণতান্ত্রিক সরকার উৎখাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন মিন অং হ্লেইং।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, সু চিকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো অভিযোগে আটকে রাখা হয়েছে; যার মূল লক্ষ্য ছিল ক্ষমতার মসনদে সামরিক বাহিনীকে ফিরিয়ে আনা। স্বাধীনতা লাভের পর থেকে ইতিহাসের বেশিরভাগ সময়জুড়ে মিয়ানমার শাসন করে আসছে এই সামরিক বাহিনী।

মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে মিন অং হ্লেইং বলেন, “আমি তার প্রতি অত্যন্ত নমনীয় থেকেছি।”

তিনি বলেন, “পরিস্থিতি যাতে এই পর্যায়ে না পৌঁছায়, সে জন্য আমরা সম্ভাব্য সব চেষ্টাই করেছিলাম।”

মানবাধিকার সংস্থাগুলোর চোখে প্রহসনের এক নির্বাচনের পর গত এপ্রিলে সেনাপ্রধানের পদ থেকে অবসর নিয়ে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিন অং হ্লেইং।

এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে থাকা মিয়ানমারের ভাবমূর্তি ফেরাতে তিনি কূটনৈতিক দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। তবে ৮১ বছর বয়সী সু চিকে নিয়ে এখনও উদ্বিগ্ন বিশ্ব সম্প্রদায়।

বিশ্লেষকরা বলেছেন, নিজের শাসনের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র গৃহযুদ্ধ চললেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোড়াতালি দিতে সু চির বন্দিদশা শিথিলের সম্ভাবনাকে ফাঁদ হিসেবে ব্যবহার করছেন মিন অং।

গত আগস্টে থাইল্যান্ডে তার ঐতিহাসিক সফরের ঠিক কয়েক দিন আগে প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিরল কিছু ছবি প্রকাশ করা হয়। সেখানে সু চিকে রেড ক্রসের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে দেখা যায়।

টাইমকে দেওয়া সাক্ষাৎকারে মিয়ানমারের এই প্রেসিডেন্ট বলেন, সু চির ক্ষমার বিষয়টি ‘তার নিজের ওপরই নির্ভর করছে।’ তবে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে পুনর্বিবেচনার মতো কোনো ক্ষেত্র তৈরি হলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের কৌশলের অংশ হিসেবে গত এপ্রিলে মিন অং হ্লেইংয়ের নির্দেশে সু চিকে কারাগার থেকে সরিয়ে রাজধানী নেপিদোর এক বাড়িতে গৃহবন্দি করা হয়।

গত ডিসেম্বর-জানুয়ারির নির্বাচনের মাধ্যমে মিন অং হ্লেইং নিজের মসনদ পোক্ত করেন এবং ওই নির্বাচন তার সামরিক জান্তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। ওই নির্বাচনে সু চির দলকে মাঠ থেকে সরিয়ে এবং ভিন্নমতাবলম্বীদের কারাদণ্ড দেওয়া হয়।

বিশ্লেষকরা তার এই নামমাত্র বেসামরিক প্রশাসনকে সামরিক বাহিনীর একটি ছায়া সরকার বলে অভিহিত করেছেন। মিন অং হ্লেইং বলেন, “গণতন্ত্রের তো নানারকম রূপ থাকে।”

তিনি বলেন, “মার্কিন গণতন্ত্র রয়েছে, আবার ইউরোপীয় গণতন্ত্রও রয়েছে। আমি এটি নিশ্চিত করব যেন মিয়ানমার এমন এক গণতান্ত্রিক ব্যবস্থা পায়; যা আমাদের নিজস্ব সংস্কৃতি, রীতিনীতি ও ঐতিহ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।”

সূত্র: এএফপি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির