মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই, জনতার দরবারে বসেন শুভেন্দু অধিকারী। বহু মানুষ নিজেদের সমস্যা নিয়ে পৌঁছন সেখানে। মঙ্গলে, তেমনই বহু মানুষের ভিড় হয়েছিল। তার মধ্যেই রাভা জনজাতির বাসিন্দাদের ভয়াবহ অভিযোগ।

 জোর করে, প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছে এমনই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির আলিপুরদুয়ারের রাভা জনজাতির বাসিন্দারা। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাঁদের। উল্টে প্রতিবাদ করতে গেলে মারধরেরও শিকার হতে হয়েছে বলে অভিযোগ।

আলিপুরদুয়ারের শামুকখোলা এলাকা থেকে রাভা আদিবাসী সম্প্রদায়ের কোমল রাভা-সহ আরও এক বাসিন্দা মঙ্গলবার জনতার দরবারে আসেন। তাঁদের অভিযোগ, এলাকায় রাভা সম্প্রদায়ের কয়েকজনকে জোর করে কিংবা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে তাঁদের দাবি।