ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৬,  2:17 PM

news image

রাজধানীতে ফুটপাত দখল করে বসার চেষ্টা যতদিন চলবে, ততদিন আরও কঠোরভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত সময় টিভির সাংবাদিক সিফাতকে দেখতে পশ্চিম শেওড়াপাড়ায় তার বাসায় যান ডিএনসিসি প্রশাসক।

সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা যতদিন থাকবে, ততদিন সিটি করপোরেশনের অভিযানও চলবে।

প্রয়োজন অনুযায়ী এর চেয়েও বেশি অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, নগরবাসীর চলাচলের পথ দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ডিএনসিসি প্রশাসক আহত সাংবাদিক সিফাতের খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, নাগরিকদের স্বাচ্ছন্দ্যে ফুটপাত ব্যবহারের সুযোগ করে দিতে সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শপিং কমপ্লেক্স পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগে গত সপ্তাহেও ওই এলাকায় তিনবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকালের অভিযান ছিল চতুর্থ অভিযান।

তিনি আরও বলেন, গতকাল উচ্ছেদ অভিযান চলাকালে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। পরে স্থানীয় সরকারের নেতা, সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতায় তারা সেখান থেকে চলে যায়।

ফুটপাত দখলের বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, এই দখল পাঁচ-ছয় মাসের বিষয় নয়। বহু বছর ধরে ফুটপাত দখল হয়ে আসছে এবং ধীরে ধীরে তা আরও বিস্তৃত হয়েছে। এর ফলে একজন নাগরিকের ফুটপাত ব্যবহার করে হেঁটে যাওয়ার অধিকারও বাধাগ্রস্ত হয়েছে।

শফিকুল ইসলাম খান বলেন, এই অভিযান চলমান থাকবে। সফলতা না আসা পর্যন্ত ডিএনসিসির পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সাংবাদিক সিফাতকে দেখতে যাওয়ার বিষয়ে তিনি বলেন, গতকালের অভিযানের সময় তার সাংবাদিক বন্ধুদের অনেকে আহত হয়েছেন। আহত সাংবাদিক সিফাত মাথায় আঘাত পাওয়ার পরও ব্যান্ডেজ করে আবার সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। এ কারণে সাংবাদিকদের পাশে থাকতে এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করতে তিনি নিজে এসেছেন।

উচ্ছেদ অভিযানে পুলিশি সমন্বয়হীনতা নিয়ে প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, প্রতিটি উচ্ছেদ অভিযানের আগে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় চিঠি দিয়ে পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। গতকালও অভিযানের সময় পুলিশ ফোর্স ছিল।

তিনি আরও বলেন, আরও ফোর্স থাকলে হয়তো এ ধরনের পরিস্থিতি এড়ানো যেত। তবে তারা বুঝতে পারেননি যে এ ধরনের অরাজকতা সৃষ্টির জন্য কেউ ওত পেতে আছে। সামনে প্রয়োজন অনুযায়ী শক্তি প্রয়োগ এবং প্রশাসনিক সহযোগিতা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানের আগে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কিনা-এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের নির্বাচনী আসন নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, মিরপুর-১০ এলাকা ঢাকা-১৬ আসনের মধ্যে পড়ে। ডিএনসিসি অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো নির্বাচনী আসন বিবেচনা করবে না। মোহাম্মদপুর, উত্তরা, তেজগাঁও কিংবা মিরপুর-যেকোনো এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হলে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের আওতাধীন কোনো এলাকায় জনদুর্ভোগ ব্যাপকভাবে সৃষ্টি হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে অভিযান পরিচালনা করা হবে। কাউকে জিজ্ঞেস করে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে, এমন কোনো বিধান নেই।

মিরপুর-১০ এলাকায় উচ্ছেদের পর ফুটপাতের এই পরিবেশ কতদিন ধরে রাখা যাবে-এমন প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, তিনি চেষ্টা করবেন যেন এই পরিষ্কার পরিবেশ সবসময় বজায় থাকে।

তিনি আরও বলেন, এর আগে অনেক অভিযান হলেও এভাবে পরিষ্কার পরিবেশ তৈরি হয়নি। সাংবাদিকদের এ বিষয়ে লেখালেখির মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির